উৎপাদন বাড়াতে সম্মত ওপেক প্লাসের ৭ দেশ

0
98

বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ বাড়াতে তেলের দৈনিক উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস-এর সাতটি সদস্যদেশ—সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন করা হবে।

সোমবার অনলাইনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, সদস্য দেশগুলোর সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এই জোটের অংশ থাকলেও গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়। ফলে পূর্ব পরিকল্পনার তুলনায় উৎপাদন বৃদ্ধির পরিমাণ কিছুটা কমানো হয়েছে।

জানা গেছে, মার্চ ও এপ্রিল মাসে একাধিক বৈঠকে তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তখন প্রস্তাব ছিল, আটটি দেশ মিলে প্রতিদিন অতিরিক্ত ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উৎপাদন করবে। তবে আমিরাত সরে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা সংশোধন করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেলে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল জোটটি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত ঘিরে বৈশ্বিক চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে তারা।

তবে জ্বালানি বাজার বিশ্লেষকদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে খুব একটা আশাবাদী নন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জি-এর কর্মকর্তা জর্জ লিওন বলেন, বর্তমান বাজারে মূল সমস্যা সরবরাহ ঘাটতি নয়, বরং সরবরাহ ব্যবস্থার বিঘ্ন। তার মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে উৎপাদন বাড়িয়েও বাজারে স্থিতিশীলতা আসবে না।

সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here